স্বাস্থ্যমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতালের দেওয়া শোকজের জবাবে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় প্রয়োজনীয় তথ্যের তুলনায় অপ্রাসঙ্গিক বিষয় বেশি রয়েছে।
বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতালের পাঠানো জবাব তিনি পর্যালোচনা করেছেন। তবে এতে প্রয়োজনীয় তথ্যের বাইরে অনেক অপ্রাসঙ্গিক বিষয় ও ব্যাখ্যা সংযুক্ত করা হয়েছে, যা সরকারের কাছে গ্রহণযোগ্য নয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “তারা চার থেকে পাঁচ পৃষ্ঠার জবাব দিয়েছে। কিন্তু সেখানে প্রয়োজনীয় তথ্যের চেয়ে গল্প-কাহিনি বেশি রয়েছে। এটি অনেকটা অস্পষ্ট (ভেগ) ধরনের রিপ্লাই। আমি এতে সন্তুষ্ট নই।”
তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে এবং বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
মন্ত্রী আরও বলেন, এ বিষয়ে অনুষ্ঠিতব্য বৈঠকের পর সরকারের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই সরকারের আনুষ্ঠানিক অবস্থান জানানো হবে।
এর আগে বিভিন্ন অভিযোগের প্রেক্ষাপটে আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। সেই নোটিশের জবাবেই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ব্যাখ্যা জমা দেয়। তবে সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন বিষয়টি নিয়ে পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।
উপদেষ্টা সম্পাদক : ব্যারস্টিার এম. সাইফউদ্দনি খোকন
প্রকাশক : মোঃ আশিকুর রহমান স্বাধীন
সম্পাদক :
নির্বাহী সম্পাদক : বিপুল কুন্ডু
বার্তা সম্পাদক : মোঃ তুষার হোসেন
Shadhi Nnewsbd