পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। রাজ্যের বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর, হুমকি ও সংঘর্ষের ঘটনায় গত ৪৮ ঘণ্টায় ২০০টির বেশি এফআইআর দায়ের হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৪৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে আটক করা হয়েছে আরও প্রায় ১ হাজার ১০০ জনকে।
গতকাল বুধবার পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষকে ভয়ভীতি দেখানো, মারধর ও হামলার অভিযোগও এসেছে পুলিশের কাছে।
তিনি আরও জানান, সহিংসতার ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন নান্নুর এলাকার এবং অন্যজন নিউ টাউনের বাসিন্দা। দুটি হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি পুলিশের।
এদিকে কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, দুষ্কৃতকারীদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কলকাতা পুলিশের আওতাধীন বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৬৫ জন নির্দিষ্ট মামলায় এবং ১৫ জনকে আগাম নিরাপত্তামূলক ব্যবস্থার অংশ হিসেবে আটক করা হয়েছে।
অন্যদিকে, উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বুধবার রাতে এ হামলার সময় তাঁর গাড়িতে থাকা আরও এক যুবক গুরুতর আহত হন। তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর মধ্যমগ্রামসহ আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্বাচন–পরবর্তী পরিস্থিতি সামাল দিতে রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।