পাবনা শহরের একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই হোটেলটির মালিক ও কর্মচারীদের খুঁজে পাওয়া যাচ্ছে না, যা রহস্য আরও বাড়িয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে শহরের নন্দর গলির পাশের কাপড়পট্টি এলাকায় অবস্থিত ‘লাকি বোর্ডিং’ নামের একটি আবাসিক হোটেলের তৃতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য, দুপুরের পর হোটেলের একটি কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। ঘটনার তদন্তে সিআইডিও কাজ করছে।
তিনি আরও জানান, ঘটনার পর থেকেই হোটেলের মালিক ও কর্মচারীরা পলাতক রয়েছেন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর হোটেলটি বন্ধ রাখা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।