গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। এমনটিই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় তৌহিদ হোসেন বলেন, ভারতকে আমরা জানিয়েছি ক্লিয়ারলি। আমরা বিচার ব্যবস্থার তাকে যে ফেরত চাচ্ছি সেটা জানিয়েছি। ফেরত চাওয়ার প্রক্রিয়াটা কী হতে পারে, জানতে চাইলে তিনি বলেন, ভারত সরকারকে নোট ভারবালের (কূটনৈতিক পত্র) মাধ্যমে জানানো হয়েছে।
এর আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস- ২০২৪’ পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় উপদেষ্টা আরও উল্লেখ করেন, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই তাকে ফেরানো যাবে।