বুধবার বিকালে পাবনা প্রেসক্লাব, পাবনার হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিকের নামে দেওয়া ৪টি মিথ্যা মামলা প্রত্যাহার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাসহ জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সাংবাদিক মোবারক বিশ্বাস। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ভুক্তভোগি সাংবাদিক মোবারক বিশ্বাস। তার সাথে ছিলেন, স্ত্রী কানিজ ফাতেমা ও তার বড় বোন বিলকিস বেগম। মোবারক বিশ্বাস বলেন, গেল ১৪ মার্চ ২০২৫ শুক্রবার বিকালে একটি গায়েবী চাঁদাবাজির মামলায় তাকে তার বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। এর ৪দিন পর তার নামে পাবনা বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলা জিআর ৫০৩/পাবনার আরেকটি মামলায় অজ্ঞাতনামা আসামী হিসাবে গ্রেফতার দেখানো হয়। তার ১মাস পর ঈশ্বরদীর ভাংচুর ও অগ্নিসংযোগ এবং বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলায় অজ্ঞাতনামা আসামী হিসাবে গ্রেফতার দেখানো হয়। উক্ত জিআর মামলা নং- ৫৩০ ঈশ্বরদী। প্রায় সাড়ে ৬ মাস হাজতবাস শেষে যখন জামিনে বের হতে যাচ্ছেন, ঠিক ওই সময় ডিবি পুলিশের একটি টিম পাবনা জেলা কারাগারের ভিতরের গেট থেকে তাকে আবারও গ্রেফতার করে। ওই দিন সাংবাদিকদের সাথে ডিবি পুলিশের ব্যাপক বাক বিতন্ডা হয়। বাকবিতন্ডা শেষে পুলিশ তাকে আর গ্রেফতার করবে না মুচলেকা দিয়ে বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলা দিয়ে অজ্ঞাতনামা আসামী দেখিয়ে মোবারক বিশ্বাসকে পুনরায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন চাটমোহর থানা পুলিশ। পাবনা পুলিশ সুপারের কাছে সিআরপিসি ১৭৩/এ ধারার সংশোধনীর আলোকে ন্যায় বিচারের স্বার্থে দায় হতে অব্যহতির প্রার্থনা করেছেন মোবারক বিশ্বাস। এদিকে নিজের নিরাপত্তা নিয়ে শংকিত মোবারক বিশ্বাস। মোবারক বিশ্বাস এটিএন বাংলার পাবনা জেলা প্রতিনিধি ও দৈনিক খবরপত্রের স্টাফ রিপোটার।