সাংবাদিকতা শুধু পেশা নয়—এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। আর সেই হাতিয়ারকে মফস্বল পর্যায়ে সুসংগঠিত ও শক্তিশালী করার অগ্রদূত হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে পাবনা প্রেস ক্লাব। প্রতিষ্ঠার ৬৫ বছর অতিক্রম করে এবার ৬৬ বছরে পদার্পণ করছে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি।
প্রখ্যাত সাংবাদিক আব্দুল গনি হাজারী, সৈয়দ আসাফ উদ দৌলা সিরাজি, ফজলে লোহানী, কামাল লোহানী, মহানায়িকা সুচিত্রা সেন, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সাহিত্যিক প্রমথ চৌধুরী, ওস্তাদ বারীন মজুমদার, কবি বন্দে আলী মিয়া এবং অধ্যাপক মনসুর উদ্দিন আহমেদসহ অসংখ্য গুণীজনের জন্মভূমি বৃহত্তর পাবনা। এ অঞ্চলের সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতার শিকড় গভীরে প্রোথিত, যার বিকাশ শুরু হয় ব্রিটিশ-পরবর্তী সময় থেকেই।
পঞ্চাশের দশকে হাতে গোনা কয়েকজন সংবাদকর্মীর মাধ্যমে শুরু হওয়া সাংবাদিকতার পথচলা এক নতুন মাত্রা পায় ১৯৬১ সালে। ওই বছরের ১ মে একদল তরুণ ও উদ্যমী সাংবাদিকের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় পাবনা প্রেস ক্লাব। একই বছরের ৮ ও ৯ মে পাবনায় অনুষ্ঠিত হয় সারা পূর্ব পাকিস্তানের মফস্বল সাংবাদিকদের সমাবেশ, যেখানে গঠিত হয় পূর্ব পাকিস্তান সাংবাদিক সমিতি—যা ছিল সাংবাদিকদের অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
মহান ভাষা আন্দোলন, খাপড়া ওয়ার্ড আন্দোলন, ভুট্টা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে পাবনা প্রেস ক্লাবের সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেন। এমনকি ২০২৪ সালের জুলাই আন্দোলনেও এই ক্লাবের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ক্লাবের অন্তত ১২ জন সদস্য সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং পাঁচজন সদস্য একুশে পদকে ভূষিত হন।
ঊনবিংশ শতকের শুরু থেকেই পদ্মা-যমুনা বিধৌত এই জনপদে সাংবাদিকতার চর্চা শুরু হয়। জনসচেতনতা বৃদ্ধি, সমাজের সমস্যা তুলে ধরা এবং নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার লক্ষ্যে সাংবাদিকদের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা থেকেই প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি।
পাবনা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এ কে এম আজিজুল হক এবং প্রথম সাধারণ সম্পাদক ছিলেন রণেশ মৈত্র। তাঁদের নেতৃত্বেই শুরু হয় এই প্রতিষ্ঠানের যাত্রা। পরবর্তীতে বিভিন্ন সময় দক্ষ ও অভিজ্ঞ সাংবাদিকরা নেতৃত্ব দিয়ে এই সংগঠনকে সমৃদ্ধ করেছেন। বর্তমানে আখতারুজ্জামান আখতার সভাপতি এবং জহুরুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য থাকা সত্ত্বেও এখনও নিজস্ব ভবন পায়নি পাবনা প্রেস ক্লাব। পরিত্যক্ত সম্পত্তির ওপর দাঁড়িয়ে থাকা এই প্রতিষ্ঠানের কাঠামোগত সীমাবদ্ধতা থাকলেও এর মর্যাদা ও ঐতিহ্য অটুট রয়েছে।
৬৫ বছরের গৌরবময় পথচলার পরও পাবনা প্রেস ক্লাব আজও মফস্বল সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষা এবং সমাজের সত্য তুলে ধরার দায়িত্ব পালন করে যাবে—এটাই সংশ্লিষ্টদের প্রত্যাশা।
এবিএম ফজলুর রহমান: স্টাফ রিপোর্টার, দৈনিক সমকাল, পাবনা এবং সাবেক সভাপতি, পাবনা প্রেস ক্লাব