দেশে একটি পরিবার প্রতি মাসে গড়ে ৩ হাজার ৪৫৪ টাকা স্বাস্থ্যসেবার পেছনে ব্যয় করছে, যা পরিবারের মোট মাসিক ব্যয়ের প্রায় ১১ শতাংশ। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত এক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিআইডিএসের সেমিনার হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ গবেষণা ফেলো ড. আব্দুর রাজ্জাক সরকার। সেমিনারে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দীন মাহমুদ।
গবেষণা প্রবন্ধে বলা হয়, দেশে ক্যান্সার চিকিৎসায় একজন রোগীর সর্বনিম্ন ব্যয় ৩ হাজার ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা পর্যন্ত হতে পারে। আটজন রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বছরে গড়ে একজন ক্যান্সার রোগীর চিকিৎসা ব্যয় দাঁড়ায় ২ লাখ ২৩ হাজার ৯৩৮ টাকা।
এছাড়া করোনাভাইরাস মহামারির সময় ৩৬ জনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, একজন রোগীর গড় চিকিৎসা ব্যয় ছিল ১ লাখ ৩১ হাজার ৭০৯ টাকা।
ড. আব্দুর রাজ্জাক সরকার জানান, ২০২২ সালের খানার আয় ও ব্যয় জরিপের তথ্য বিশ্লেষণ করে এসব ফলাফল পাওয়া গেছে। গবেষণায় স্বাস্থ্যসেবায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ এবং চিকিৎসা খাতে উচ্চ ব্যয়ের বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে।