মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩০ মে) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে গিয়ে তিনি শ্রদ্ধা জানান। এ সময় তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরে জাতীয় নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাজার জিয়ারত করেন।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, এ জেড এম জাহিদ হোসেন, ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিলুন হকসহ দল ও সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী বিজয় সরণি থেকে জিয়া উদ্যান পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নেন। তাদের হাতে ছিল দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নির্ধারিত ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে জিয়া উদ্যান এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।