ছয় শতাধিক বছর পুরোনো হাতে লেখা তালপাতার পাণ্ডুলিপি, শত বছরের পুরোনো বই ও দুর্লভ পত্রিকা নিয়ে পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী।
ভাষার মাস ফেব্রুয়ারিতে প্রতি বছরের ন্যায় এবারও এ প্রদর্শনীর আয়োজন করা হয়। গতকাল রোববার বিকেলে জেলার প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর মো. কামরুজ্জামান ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। এ উপলক্ষে লাইব্রেরির সভাকক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৩৬ বছরের ঐতিহ্যবাহী এই লাইব্রেরির সংগ্রহে রয়েছে ৩৮ হাজারেরও বেশি বই। এর মধ্যে ১৭৫৮ সালে প্রকাশিত ‘দ্য সেইন্টস এভারলাস্টিং রেস্ট’ বইটি সবচেয়ে পুরোনো। এছাড়া বাংলা, ইংরেজিসহ বিভিন্ন ভাষার বই, লিটল ম্যাগাজিন ও প্রায় ৬০০ বছরের পুরোনো বাংলা ও সংস্কৃত পুঁথি লাইব্রেরির অন্যতম আকর্ষণ।
লাইব্রেরির অবৈতনিক মহাসচিব আব্দুল মতীন খান জানান, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই পুস্তক প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।