প্রখ্যাত কবি ও ‘ময়নামতির চর’-এর স্রষ্টা বন্দে আলী মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনায় তাঁর সমাধিতে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। কবি পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ কর্মসূচির আয়োজন করে পাবনা সংস্কৃতি কেন্দ্র।
শনিবার (২৭ জুন) বিকেলে শহরের রাধানগর (নারায়ণপুর) এলাকায় কবির সমাধিস্থলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা সংস্কৃতি কেন্দ্রের সভাপতি এস এম সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ওবায়দুর রহমান খান ও আমানুল্লাহ আমান, কবির ছোট ছেলে রমিজুল ইসলাম, বড় নাতি-জামাতা মো. আফসার আলী, নাতি-জামাতা মো. হাবিবুর রহমান, নাতনি নাদীরা আক্তার, রুমকী আক্তার ও রজনী আক্তার, পরিচালক আখতার উদ্দিন এবং পাবনা সংস্কৃতি কেন্দ্রের নাট্য ও সঙ্গীত বিভাগের শিল্পীরা।
অনুষ্ঠানে কবির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংগঠনের তেলাওয়াত বিভাগের সম্পাদক আমিনুল ইসলাম।
সভাপতির বক্তব্যে এস এম সোহেল বলেন, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত এই বরেণ্য কবির পৈতৃক বাড়ি ও সমাধি সংরক্ষণে এখনো উল্লেখযোগ্য কোনো সরকারি বা বেসরকারি উদ্যোগ দেখা যায়নি। তিনি কবির স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে রাধানগর-নারায়ণপুরে তাঁর পৈতৃক ভিটা অধিগ্রহণ করে সেখানে একটি জাদুঘর ও পাঠাগার প্রতিষ্ঠার দাবি জানান।
তিনি আরও বলেন, প্রায় ১১৮ বছরের পুরোনো কবির পৈতৃক বাড়িটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। তাই কবির বাড়ি, সমাধিস্থল ও সংশ্লিষ্ট স্মৃতিচিহ্নগুলো সরকারি উদ্যোগে সংরক্ষণ এবং সেখানে একটি সংগ্রহশালা ও পাঠাগার প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।