রাজধানী ঢাকায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোর্টার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশন (BMEISA)-এর গেট-টুগেদার ও পুনর্মিলনী অনুষ্ঠান।
২৩ আগস্ট আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মেডিকেল ইকুইপমেন্ট আমদানিকারক, সরবরাহকারী ও ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আমাদের কাছে বার্তা পাঠিয়েছেন আরশেদ পুলকপরিচালক বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোর্টার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশন (BMEISA)
ব্যবসায়িক ব্যস্ততার বাইরে এসে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের সম্পর্ক আরও দৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। সন্ধ্যার এ আয়োজনে কুশল বিনিময়, স্মৃতিচারণ ও প্রাণবন্ত আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড ‘বিলাওয়াল’-এর মনোমুগ্ধকর সুফি ও ফিউশন সংগীত পরিবেশনা। সুফি সংগীতের আধ্যাত্মিকতা, গজলের আবেগ এবং ক্লাসিক রকের উচ্ছ্বাসে উপস্থিত অতিথিরা উপভোগ করেন ব্যতিক্রমী এক সংগীতসন্ধ্যা।
সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি শুধু একটি আনুষ্ঠানিক মিলনমেলায় সীমাবদ্ধ থাকেনি; বরং পেশাগত সম্পর্কের পাশাপাশি পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক আনন্দঘন উৎসবে পরিণত হয়।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে ভবিষ্যতে দেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে আরও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন BMEISA-এর সদস্যরা।