নিজস্ব প্রতিবেদক: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আগামী মঙ্গলবার (২৮ জুলাই) প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করবেন হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। সংশ্লিষ্ট সূত্র রোববার (২৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য নির্বাচিত হলেও তিনি প্রায় তিন বছর তিন মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেন। এরপর একই দিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
দায়িত্ব গ্রহণের পর রোববার সকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টায় বঙ্গভবনে পৌঁছে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে প্রথম কর্মদিবসের কার্যক্রম শুরু করবেন হাফিজ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর এটিই হবে বঙ্গভবনে তাঁর প্রথম অফিস কার্যক্রম।