দেশে কলেরার সংক্রমণ নিয়ন্ত্রণে উচ্চ ঝুঁকিপূর্ণ ১৪টি এলাকায় বিনামূল্যে মুখে খাওয়ার কলেরার টিকা (পিওসিভি) ক্যাম্পেইন শুরু হয়েছে। গত ২২ আগস্ট থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় প্রায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে দুই ডোজে টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে এক বছর বা তার বেশি বয়সী মানুষ টিকা নিতে পারবেন। তবে গর্ভবতী নারীদের এ টিকা দেওয়া হবে না।
এক মাস চলবে প্রথম ডোজের কার্যক্রম
কর্মসূচির প্রথম ধাপে ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কলেরার টিকার প্রথম ডোজ দেওয়া হবে। এরপর ২৬ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত টিকাকেন্দ্রগুলোতে এ টিকা দেওয়া হচ্ছে।
যেসব এলাকায় টিকা দেওয়া হচ্ছে
রাজধানীর ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচিত এলাকায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, যেসব এলাকায় কলেরার ঝুঁকি তুলনামূলক বেশি, সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে এ টিকাদান কর্মসূচি নেওয়া হয়েছে।
নিবন্ধন কীভাবে
টিকা নিতে আগ্রহীদের VaxEPI প্ল্যাটফর্মে জন্মনিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে নিবন্ধন করার সুযোগ রয়েছে। পাশাপাশি নির্ধারিত টিকাকেন্দ্রে অন–স্পট নিবন্ধনের ব্যবস্থাও রাখা হয়েছে।
কর্মসূচির মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকার বিপুলসংখ্যক মানুষকে টিকার আওতায় এনে কলেরার সংক্রমণ ও বিস্তার কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।