শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন।দলের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হচ্ছে।
তারেক রহমান ২০০৭ সালে তৎকালীন ওয়ান ইলেভেন সরকারের সময় গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান তিনি। এর পর থেকে যুক্তরাজ্যের লন্ডনেই রয়েছেন তিনি।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল হয়। এ ছাড়া কোনো কোনো মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান তিনি। এরপর থেকে নানা সময়ে তার দেশে ফেরার কথা আলোচনা আসে। বিএনপির একাধিক নেতাও তার দেশে আসার বিভিন্ন সম্ভাব্য তারিখ জানিয়েছিলেন।
তখন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তারেক রহমান লিখেছিলেন, ‘এমন সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছিল অন্তর্বর্তী সরকার।