সিরাজদিখান রশুনিয়া ইউনিয়নের গর্ব ও রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল চিকিৎসাসেবায় রেখে চলেছেন গুরুত্বপূর্ণ অবদান। ২০০৩ সালে রশুনিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করা এই মেধাবী শিক্ষার্থী বর্তমানে সার্জিক্যাল অনকোলজি (ক্যান্সার সার্জারি) বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ ১৪ বছরেরও বেশি সময়ের ক্লিনিক্যাল অভিজ্ঞতা রয়েছে ডা. সজীব চন্দ্র মন্ডলের। তিনি জেনারেল, ল্যাপারোস্কোপিক ও ক্যান্সার সার্জন হিসেবে চিকিৎসাসেবায় কাজ করছেন। চিকিৎসাশাস্ত্রে এমবিবিএস ডিগ্রির পাশাপাশি তিনি মর্যাদাপূর্ণ এফসিপিএস (সার্জারি) এবং এমএস (সার্জিক্যাল অনকোলজি) ডিগ্রি অর্জন করেছেন।
জটিল ক্যান্সার রোগের চিকিৎসা ও বিভিন্ন ধরনের অস্ত্রোপচারে তাঁর দক্ষতা ও পেশাগত নিষ্ঠা রোগীদের মধ্যে আস্থা তৈরি করেছে। নিজের মেধা, অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে চিকিৎসা পেশায় প্রতিষ্ঠিত হয়ে তিনি নিজ এলাকার মানুষের কাছেও হয়ে উঠেছেন অনুপ্রেরণার প্রতীক।
ডা. সজীব চন্দ্র মন্ডলের এই সাফল্যে আনন্দিত ও গর্বিত তাঁর রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের সহপাঠীরা। সহপাঠীদের ভাষ্য, স্কুলজীবন থেকেই সজীব ছিলেন অমায়িক, পরিশ্রমী ও স্বপ্নবাজ। সময়ের সঙ্গে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে তিনি আজ দেশের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের মতে, রশুনিয়ার মাটির সন্তান হিসেবে ডা. সজীব চন্দ্র মন্ডলের এই অর্জন শুধু তাঁর পরিবার বা সহপাঠীদের নয়, পুরো রশুনিয়া ইউনিয়নের জন্যই গর্বের বিষয়। তাঁর সাফল্য এলাকার তরুণ প্রজন্মকে শিক্ষা ও পেশাগত জীবনে এগিয়ে যেতে উৎসাহিত করবে।
এলাকাবাসী ও ২০০৩ ব্যাচের সহপাঠীরা ডা. সজীব চন্দ্র মন্ডলের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।