সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
সশস্ত্র সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, সৌদি আরবের শারুরাহ সামরিক ঘাঁটি ছিল হামলার লক্ষ্য। সেখানে থাকা অস্ত্রের গুদাম এবং ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।
ইয়াহিয়া সারির দাবি, এসব স্থাপনা হুথিদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে হুথিদের এই হামলার দাবির কথা জানিয়েছে।
এদিকে, চলতি সপ্তাহে ইরান-সমর্থিত হুথি এবং সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ বেড়েছে। এর মধ্যেই সৌদি সামরিক ঘাঁটিতে হামলার এই দাবি সামনে এলো।
তবে হুথিদের দাবিকৃত হামলাটি ঠিক কবে চালানো হয়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্যও পাওয়া যায়নি।