মেসির সম্মানে আর্জেন্টিনার ঘরোয়া ম্যাচে ১০ মিনিটে খেলা বন্ধ, হবে এক মিনিটের করতালি
স্টাফ রিপোর্টার
/ ৭২
জন দেখেছেন
আপডেট :
September 3, 2026
122
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর তাঁকে বিশেষ সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। চলতি সপ্তাহান্তে দেশটির সব ঘরোয়া ফুটবল ম্যাচের ১০ম মিনিটে এক মিনিটের জন্য খেলা বন্ধ রেখে মেসির সম্মানে করতালি দেওয়া হবে।
মেসির গায়ে দীর্ঘদিন ধরে ছিল আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সি। সেই কারণেই ম্যাচের ১০ম মিনিটকে বেছে নেওয়া হয়েছে শ্রদ্ধা জানানোর জন্য। পুরুষ ও নারী—দেশটির সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতায় এই আয়োজন কার্যকর হবে বলে জানিয়েছে এএফএ।
শুধু মাঠে করতালি নয়, মেসিকে ঘিরে আরও আয়োজন থাকছে। যেসব স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিন রয়েছে, সেসব মাঠে ম্যাচ শুরুর আগে মেসির ক্যারিয়ার নিয়ে বিশেষ ভিডিও প্রদর্শন করা হবে। এর আগে মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণার পর এএফএর সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিওটি প্রকাশ করা হয়।
সম্প্রতি ইনস্টাগ্রামে হাতে লেখা তিনটি কাগজের ছবি প্রকাশ করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান মেসি। তিনি নিশ্চিত করেন, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচটিই আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ ম্যাচ। এর মধ্য দিয়ে ৩৯ বছর বয়সে জাতীয় দলের অধ্যায়ের সমাপ্তি টানেন এই কিংবদন্তি ফুটবলার।
অবসরের সিদ্ধান্ত নিয়ে মেসি জানান, তিনি নিজের সর্বোচ্চটা দিয়েছেন এবং দেওয়ার মতো আর কিছু অবশিষ্ট নেই। সিদ্ধান্তটি তাঁর জন্য কষ্টের হলেও সময় এসেছে বলেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
২০০৫ সালে আর্জেন্টিনার মূল জাতীয় দলে অভিষেকের পর মেসি দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে দেশটির ফুটবলের অন্যতম প্রধান মুখ হয়ে ছিলেন। জাতীয় দলের হয়ে তাঁর গোলসংখ্যা ১২৫, যা আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ। তিনি রেকর্ড ছয়টি বিশ্বকাপেও অংশ নিয়েছেন।
সবচেয়ে বড় সাফল্য আসে ২০২২ সালের কাতার বিশ্বকাপে। মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জেতে। এটি ছিল দেশটির ইতিহাসে তৃতীয় বিশ্বকাপ জয়। তাই আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায় শুধু একজন খেলোয়াড়ের অবসর নয়, বরং দেশটির ফুটবলের এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি। সেই বর্ণিল ক্যারিয়ারকে স্মরণ করতেই এবার দেশের ঘরোয়া ফুটবলের মাঠে ১০ম মিনিটে এক মিনিটের করতালিতে সম্মান জানাবে ।
বিশ্বকাপের মঞ্চেও একাধিক রেকর্ড গড়েছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৩৪টি ম্যাচ খেলার পাশাপাশি সবচেয়ে বেশি ২৩টি ম্যাচ জয়ের রেকর্ডও রয়েছে তাঁর দখলে।